আগের নির্বাচনে ভোটের সময় খালি মাঠ আর কুকুর দেখতাম, এবার কোথাও কুকুর নেই: সিইসি
জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেবো আশা করি তা পূরণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইসকাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেয়ার যে ওয়াদা করেছিলেন, তা বাস্তবায়ন হচ্ছে বলেই মনে করছেন।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ওয়াদা করেছিলাম উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেবো। ট্রেনে বাসে লঞ্চে সবাই বাড়ি চলে গেছে ভোট দেয়ার জন্য। সবাই উৎসবে মেতেছে। জাতিকে সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেবার যে ওয়াদা দিয়েছিলাম, আশা করি তা পূরণ হবে। ভোটের দিন সামান্য ভুলত্রুটি হলেও দ্রুত তা সমাধান করা হয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, আগের নির্বাচনে ভোটের সময় খালি মাঠ আর কুকুর দেখতাম। এবার তো কোথাও কুকুর দেখা যাচ্ছে না।
সিইসি আরও বলেন, টিভিতে দেখেছি কেন্দ্রের বাইরে জামায়াত ও বিএনপির নেতারা পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে কথা বলেছেন। এই সৌহার্দ্য দেখে ভাল লেগেছে। দাবি করেন, দেশের নির্বাচনী ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মহলও সন্তুষ্ট। আমাদের ১৭ লাখ লোক নিরলস কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত সব চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আশা করি ভবিষ্যতেও সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো।
‘পাতানো নির্বাচন হচ্ছে কি না সেটা জনগণই বলবে। আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে নেই। দেশে আর কখনো পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচন ও ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে,’ যোগ করেন এএমএম নাসির উদ্দিন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
