অর্ধকোটি টাকাসহ আটক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজানো নাটক: জামায়াতে ইসলামী
এবার ঠাকুরগাঁও জামায়াতের আমির অর্ধকোটি টাকাসহ আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেছেন, ঠাকুরগাঁও জামায়াত আমির একজন ব্যবসায়ী। এয়ারপোর্টের মতো একটা সিকিউর জায়গায় এ ধরনের ঘটনা সাজানো। তিনি বলেন, জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস ঘটানো হয়েছে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একদল সন্ত্রাসী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে আসতে না পারে সে চক্রান্ত হচ্ছে। গতকাল আমাদের আমিরের আসনে নির্বাচনি বুথ ভেঙে ফেলেছে। এছাড়া সারাদেশেই আমাদের নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটছে।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাদের এজেন্টদের সরিয়ে দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, আমাদের মনে হচ্ছে প্রশাসনের একটা অংশ একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন।
তিনি আরও বলেন আইনশৃঙ্খলা বাহিনীর এ কাজ উদ্দেশ্যপ্রণোদিত। একদল লোক ইচ্ছাকৃত ভাবে এ ধরনের নাটক সাজাচ্ছে। আমরা সব জায়গায় এ ইস্যু জানিয়েছি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
