জামায়াতে ইসলামী প্রমাণ করেছে, দুর্নীতি ছাড়াই রাষ্ট্র পরিচালনা সম্ভব: নায়েবে আমির ডা. তাহের

১০ ফেব্রুয়ারি ২০২৬, ২:২০:৫৮

এবার ক্ষমতায় এলে ১১ দলীয় জোট দুর্নীতি করবে না এবং কাউকে করতেও দেবে না বলে অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী প্রমাণ করেছে—দুর্নীতি ছাড়াও রাষ্ট্র পরিচালনা সম্ভব। আমাদের দলের মন্ত্রীরা অতীতে দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের মাধ্যমে সেটির নজির রেখেছেন। ১১ দলীয় জোট নির্বাচিত হলে দেশে দুর্নীতির সংস্কৃতি থাকবে না। আমাদের এমপি ও জনপ্রতিনিধিরা নিজেরা দুর্নীতি করবে না, কাউকে করতেও দেবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের নাঙ্গলকোট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইয়াছিন আরাফাতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, ‘দেশের মানুষ বারবার দুর্নীতির বিরুদ্ধে কথা শুনলেও বাস্তবে তার প্রতিফলন দেখেনি। ইনশা-আল্লাহ আগামী দিনে ১১ দলীয় ঐক্য সরকার গঠিত হবে। সেই সরকার হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক।’

এসময় তিনি বলেন, ‘যে দল একাধিকবার দুর্নীতির অভিযোগে সমালোচিত হয়েছে, তারাই আবার জাতিকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার আশ্বাস দিচ্ছে। অথচ বাস্তবতা ভিন্ন।’ নাঙ্গলকোট-লালমাই এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা প্রতীকে ইয়াছিন আরাফাতকে বিজয়ী করা হলে নাঙ্গলকোট ও লালমাই উপজেলার সার্বিক চিত্র বদলে যাবে। উন্নয়ন হবে পরিকল্পিত ও বৈষম্যহীন।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, বন্ধুত্ব ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমাদের রাজনীতি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।