বিএনপির প্রার্থী ইশরাককে সমর্থন দিলেন শীর্ষ কওমি আলেম আল্লামা আব্দুল হামীদ

৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৭:১৪

এবার ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তাকে সমর্থন দিয়েছেন বাংলাদেশের শীর্ষ কওমি আলেমদের মধ্যে অন্যতম, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির এবং মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ।

তিনি ইশরাক হোসেনের প্রতি নিজের স্নেহ ও সমর্থন ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ রাজনীতি ও দেশের ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন।

সাবেক মেয়র প্রয়াত সাদেকুর হোসেন খোকার স্মৃতি চারণ করে আল্লামা আব্দুল হামিদ বলেন, আমাদের সাবেক মেয়র আলহাজ সাদেকুর হোসেন খোকা সাহেবের ছেলে ইশরাক আমার খুব আদরের এবং ভালো ছেলে। আমি মূলত তার খাতিরেই এখানে এসেছি। তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহর নামে ইশরাক বিপুল ভোটে জয়ী হবে।

দেশের ধর্মীয় গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই দেশ মুসলমান, আলেম ওলামা এবং পীর-মুর্শিদদের। এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় আসছে, কিন্তু জনগণের উপর যেন কোনো ধরনের জুলুম বা অত্যাচার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।