আজ পবিত্র শবে বরাত: ভাগ্যরজনী

৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৬:৩৯

লাইলাতুল মোবারাকা বা পবিত্র শবেবরাত আজ মঙ্গলবার। ইসলামে মধ্য শাবান তথা হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের রাতকে বরকতময় রাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মুসলিম উম্মাহর কাছে এই রাত গুনাহ মাফ, দোয়া কবুল ও রমজানের প্রস্তুতির। তাই মুসলমানদের জন্য রাতটি ভাগ্যরজনী বা সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য মর্যাদায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দেগির মধ্য দিয়ে শবেবরাত পালন করে থাকেন। মসজিদগুলোয় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার এবং ধর্মীয় আলোচনার মাধ্যমে এই রাত অতিবাহিত করেন তারা।

পরিবার-পরিজনের পাশাপাশি মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা এবং নিজেদের পাপ মোচনে বিশেষ মোনাজাত ও দোয়া করেন মহিমান্বিত এই রাতে। অনেকে এই রাতে আপনজনদের কবর জিয়ারত এবং দান-খয়রাত করে থাকেন। শবেবরাত মুসলমানদের কাছে রমজানের আগমনীবার্তাও নিয়ে আসে। কারণ, এই শাবান মাসের পর আসে পবিত্র রমজান মাস। তাই শবেবরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এছাড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন দলের নেতা এ উপলক্ষে বাণী দিয়েছেন।

বরাবরের মতো এবারও শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মাগরিবের নামাজের পর ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে বায়তুল মোকাররমে শবেবরাতের অনুষ্ঠানমালা শুরু হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বারাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করবেন মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী। পরে ওয়াজ করবেন ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। ব্যক্তিগত নফল ইবাদত ও জিকির-আসকারের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারা রাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শবেবরাতের অনুষ্ঠানমালা সমাপ্ত হবে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অনুরূপ আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকেও আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শবেবরাত উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকবে। তবে দৈনিক পত্রিকার অফিসগুলো আজ মঙ্গলবার বন্ধ থাকায় আগামীকাল বুধবার পত্রিকা প্রকাশিত হবে না। শবেবরাত উপলক্ষে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব। রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহর ও ধর্মীয় স্পর্শকাতর এলাকাগুলোতে ইউনিফর্মধারী টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

জনসমাগমপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারকে বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারির আওতায় আনা হয়েছে। গতকাল সোমবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের প্রতিটি ইউনিটকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা জরুরি পরিস্থিতি দেখা দিলে দ্রুত সহায়তা পেতে র‍্যাবের কন্ট্রোল রুমে (এই নম্বরে ০১৭৭৭৭২০০২৯) যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।