একটি দলের মতো দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করবে না জামায়াত: ডাকসু ভিপি

২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৪:৪৫

এবার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জিরো টলারেন্স নীতিতে চাঁদাবাজ নির্মূল হবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ঠাঁই এই বাংলাদেশে হবে না। রোববার রাতে ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুরে নির্বাচনি পথসভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাকসু ভিপি বলেন, জামায়াতে ইসলামীতে দুর্নীতি নাই, দুর্নীতির কোনো স্থানও নাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি দলের মতো দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করবে না। দেশ হবে সমৃদ্ধ ও উন্নত মানবিক বাংলাদেশ।

দেশবাসীকে ধোঁকায় না পড়ে নিজের বিবেক কাজে লাগিয়ে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনসাফের দল জামায়াতে ইসলামীর আমিরের অতীত কার্যক্রমকে মূল্যায়ন করে দেখুন। জামায়াত আমির ডা. শফিকুর রহমান বন্যা, ভূমিকম্প এবং করোনাকালীন দুর্যোগসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের প্রয়োজনে সবার আগে, সবখানে ছুঁটে গিয়েছেন এবং যান। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ পরিচালিত হলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না।

প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, গ্যাস সংকট, যাতায়াত ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা এখানকার প্রধান সমস্যা। সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাবে এই সমস্যা গুলো সৃষ্টি হয়েছে। এখানে সরকারি কোনো হাসপাতাল নেই। বেসরকারি উন্নতমানের কোনো হাসপাতালের শাখাও এখানে নেই। যার ফলে এখানকার মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অবহেলিত ঢাকা-৪ সংসদীয় এলাকাকে আধুনিক উন্নত নগরীতে রূপান্তর করতে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।