পিছিয়ে পড়েও বড় জয় বার্সেলোনার

২২ জানুয়ারি ২০২৬, ১১:২২:১৫

লা লিগার সর্বশেষ ম্যাচে হারের মুখে পড়েছিল বার্সেলোনা। সেই বৃত্ত ভাঙার লক্ষ্য নিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে স্লাভিয়া প্রাগের মাঠে খেলতে নেমেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে কাতালানরা। এরপর ফারমিন লোপেজের জোড়া গোলে লিড পেলেও আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্লাভিয়া প্রাগ। চেক প্রজাতন্ত্রের ক্লাবটি অবশ্য সেই স্কোরলাইন ধরে রাখতে পারেনি। বড় জয় নিয়েই মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।

বুধবার (২১ জানুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে ৪-২ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে সরাসরি জায়গা করে নেয়ার সম্ভাবনা জোরালো করেছে তারা। ম্যাচে ভাসিল কুসেই গোলে স্বাগতিকরা এগিয়ে গেলেও জোড়া গোলে বার্সাকে এগিয়ে দেন ফের্মিন লোপেজ। বিরতির আগে রবার্ট লেভান্দোস্কির আত্মঘাতী গোলে সমতা ফেরে। তবে দ্বিতীয়ার্ধে দানি ওলমো ও লেভান্দোস্কির গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

ফরচুনা অ্যারেনায় মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত ম্যাচে ৫৯ শতাংশ বলের পজেশন রেখে ১৭টি শট নেয় বার্সা, এর মধ্যে ১২টি লক্ষ্যে ছিল। বিপরীতে ৮ শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে স্লাভিয়া প্রাগ। বল পজিশনে এগিয়ে থাকলেও ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সেলোনা। ম্যাচের ১০ম মিনিটে কর্নার থেকে টমাস হোলেসের ফ্লিক হয়ে আসা বলে কাছ থেকে গোল করে স্বাগতিক স্লাভিয়া প্রাগকে এগিয়ে দেন ভাসিল কুসেই।

তবে ৩৪তম মিনিটে শক্তিশালী শটে সমতা ফেরান ফের্মিন লোপেজ। আট মিনিট পরই নিখুঁত কার্লিং শটে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন তরুণ এই মিডফিল্ডার। তবে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবে আবার সমতা আসে, যখন কর্নার থেকে আসা বল বার্সেলোনার স্ট্রাইকার রবার্ট লেভান্দোস্কির কাঁধে লেগে নিজের জালেই ঢুকে যায়। তাতে ২-২ এ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। নিষেধাজ্ঞার কারণে লামিন ইয়ামালকে না পেলেও কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা আক্রমণে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে। ঘণ্টা পার হওয়ার পর মাঠে নামেন দানি ওলমো ও ইংল্যান্ড ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। বদলি নামার তিন মিনিটের মধ্যেই ১৮ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ওলমো। পরে রাশফোর্ডের বাড়ানো বল থেকে লেভানদোস্কি চতুর্থ গোলটি নিশ্চিত করেন।

এই হারে সাত ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেয় স্লাভিয়া প্রাগ। আর শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে উঠে এলো বার্সেলোনা। তাদের সামনে থাকা আরও তিন দলেরও সমান পয়েন্ট ১৩। প্রথম পর্বে আরেকটি রাউন্ড বাকি। এরপর ৮টি দল সরাসরি শেষ ষোলোয় এবং ৯–২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফ খেলবে বাকি আট দলের স্লট পূরণে।

শেষ আটে সরাসরি জায়গা করে নিতে হলে আগামী বুধবার কোপেনহেগেনের বিপক্ষে ঘরের মাঠে জয়ের পাশাপাশি অন্য ম্যাচগুলোর ফল নিজেদের পক্ষে আশা করতে হবে। না হলে ফেব্রুয়ারিতে দুই লেগের প্লে-অফ খেলতে হবে কাতালান ক্লাবটিকে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। পাশাপাশি তারা লা লিগায় শীর্ষে রয়েছে এবং কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালেও জায়গা করে নিয়ে এখনো ‘কোয়াড্রুপল’ জয়ের স্বপ্ন ধরে রেখেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।