আরও ৪ কেন্দ্রের ফল প্রকাশ, কমে গেল ছাত্রদল-শিবিরের ভোটের ব্যবধান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তবে বাকি রয়েছে এখন পর্যন্ত ২১ কেন্দ্র। সবশেষ প্রাপ্ত ৪ কেন্দ্রে প্রকাশিত ফলাফলসহ মোট ফলে ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রদল সমর্থিত প্রার্থী। তবে জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি—পরিসংখ্যান, আইন ও ভূমি প্রশাসন, সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম বিভাগের কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
এর আগে, বোটানি বিভাগ, চারুকলা অনুষদ, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগ এবং দর্শন বিভাগ, মাইক্রোবায়োলজি ও ফিন্যান্স বিভাগ, সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান এবং ফার্মেসি বিভাগের ফল প্রকাশ করা হয়। ভিপি (সহ-সভাপতি) পদে ১৮ কেন্দ্র মিলিয়ে মোট ২ হাজার ১৫৪ পেয়ে শীর্ষে রয়েছেন ছাত্র অধিকার পরিষদের জবি শাখার বর্তমান সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১২৯ ভোট। ২৫ ভোটে এগিয়ে রয়েছেন রাকিব।
জিএস (সাধারণ সম্পাদক) পদ: জিএস পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ১৮ কেন্দ্র মিলিয়ে ২ হাজার ৩৮৯ ভোট পেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। তার বিপরীতে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ১ হাজার ৩০ ভোট। ১ হাজার ৩৫৯ ভোটে এগিয়ে রয়েছেন আরিফ।
এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদ: এই পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা ১৮ কেন্দ্রে মোট ২ হাজার ৮৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ৭৭৯ ভোট। মাসুদ এগিয়ে আছেন ৩০৫ ভোটে।
ভূগোল ও পরিবেশ বিভাগ কেন্দ্র: এই কেন্দ্রে ভিপি পদে অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম ১০০ ভোট পেয়ে প্রথম হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রাকিব হাসান পেয়েছেন ১০ ভোট।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

