ঢাকা-২০ আসনে এনসিপির প্রার্থীকে চেনেন না দলের নেতারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রকৌশলী নাবিলা তাসনীম নামে এক নারীকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) দলের সদস্য সচিব আখতার হোসেন প্রাথমিক প্রার্থী ঘোষণা করেন। তবে এ প্রার্থিতা ঘোষণার পরপরই শুরু হয়েছে বিতর্ক। খোদ এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও চেনেন না দল ঘোষিত এ প্রার্থীকে। আর এনসিপির সংশ্লিষ্ট নেতারা বলছেন, এই মনোনয়ন প্রাথমিক। এটি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ধামরাই উপজেলা এনসিপির নেতাকর্মীরা জানান, চব্বিশের গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা ছাত্র-জনতার সমন্বয়ে প্রায় এক বছর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় এ বছরের ২২ জুন এনসিপি ধামরাই উপজেলা কমিটি গঠন করা হয়। সেই সময় থেকেই নেতাকর্মীরা পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দলীয় কার্যক্রম পরিচালনা করছিলেন।
সম্প্রতি মনোনয়ন আহ্বান করা হলে ধামরাইয়ের পাঁচ নেতা মনোনয়ন সংগ্রহ করেন। এরমধ্যে নাবিলা তাসনীম নামে একজনকে মনোনীত করে ঘোষণা দেয় এনসিপি। তিনি ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার বাসিন্দা। তিনি রাজধানী ঢাকায় থাকেন।
এদিকে নাবিলা তাসনীমের নাম ঘোষণার পরপরই এনসিপির ধামরাই উপজেলার একাধিক নেতাকর্মী ফেসবুকে প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন। এ নিয়ে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে ও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা হয়। তারা বলছেন, নাবিলা তাসনীম নামে কাউকে তারা চেনেন না। নাম ঘোষণা পরই তারা এই নামে কেউ আছে জানতে পারেন। দলের সঙ্গে সংশ্লিষ্ট নয় ও এলাকায় কোনও সংযোগ নেই- এমন কাউকে মনোনয়ন দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
