খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকেশ্বরীতে প্রার্থনার আয়োজন

৩০ নভেম্বর ২০২৫, ৬:০১:৪৭

এবার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। শনিবার (২৯ নভেম্বর) পৃথক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।  খালেদা জিয়ার আরোগ্য কামনায় রোববার (৩০ নভেম্বর) বিকাল ৫টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বলেও পূজা উদ্যাপন পরিষদের বিবৃতিতে জানানো হয়।

রোববার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। গত শুক্রবার রাতে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ার কথা জানিয়েছিলেন বিএনপি নেতারা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জাতীয় স্বার্থে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি আমরা।

পূজা উদ্যাপন পরিষদের বিবৃতিতে খালেদা জিয়ার সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে তার আরোগ্য কামনা করা হয়। বিবৃতিতে জানানো হয়, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে রোববার (৩০ নভেম্বর) বিকাল ৫টায় এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও তাপস চন্দ্র পাল বিবৃতিতে স্বাক্ষর করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।