পা পিছলে ট্রেনের নিচে পড়ে বেঁচে ফিরলেও শেষ রক্ষা হয়নি বৃদ্ধের

৩ নভেম্বর ২০২৫, ৫:২৭:৩৭

গতকাল রবিবার রাত ঠিক ৮টা ৫০ মিনিট। এক নম্বর লাইনে দাঁড়ানো ছিল একটি ট্রেন। দৌড়ে সেই ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে দুই নম্বর লাইনে চলে আসা আরেক ট্রেনের নিচে পড়ে যান ৫০ বছরের এক বৃদ্ধ যাত্রী। পুরো ট্রেন তার ওপর দিয়ে চলে গেলেও তিনি অক্ষত ছিলেন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান তিনি। ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

এদিকে মৃত ব্যক্তির নাম জালাল উদ্দিন জালু (৫০)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়নের নিধিয়ারচর বেপারিপাড়া গ্রামের মো. তৈয়ব উদ্দিনের ছেলে।জালাল উদ্দিন জালু শ্রীপুর বাজারে সবজি ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী মো. বাবুল মিয়া জানান, রবিবার রাত ৮টা ৫০ মিনিটে শ্রীপুর রেলস্টেশনে এক নম্বর লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র ট্রেন যাত্রাবিরতিতে ছিল। ওই ট্রেনে ওঠার জন্য জালাল উদ্দিন দুই নম্বর লাইন ধরে দৌড়াচ্ছিলেন। তখন দুই নম্বর লাইনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেন চলে আসে। আচমকা চলন্ত ট্রেনটির সামনেই পা পিছলে পড়ে যান জালাল। পড়ে যাওয়ার পর পুরো ট্রেনটিই তার ওপর দিয়ে চলে যায়।

শ্রীপুর রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, পুরো ট্রেন তার ওপর দিয়ে চলে গেলেও তিনি অক্ষত ছিলেন। পরে রেলস্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান জালাল।

এদিকে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (৯ নম্বর ওয়ার্ড) শহিদুল ইসলাম বলেন, আজ সোমবার সকাল ১১টায় জালাল উদ্দিনের জানাজা সম্পন্ন হয়েছে। এদিকে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কাইয়ুম আলী বলেন, রবিবার রাত ১২টার দিকে ঘটনাটি শুনেছি। ওই ব্যক্তি রাতেই চিকিৎসাধীন অবস্থায় মমেক হাসপাতালে মারা গেছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।