টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক

১৮ অক্টোবর ২০২৫, ১:৩৯:৩৯

ওয়ানডেতে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতেই হার। এছাড়া সর্বশেষ চারটি সিরিজেই হারের তেঁতো স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ।

শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ক্যারিবীয়ান অধিনায়ক শাই হোপ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।

অঙ্কনকে ওয়ানডে ক্যাপ পরিয়ে দিয়েছেন ব্যাটার সাইফ হাসান। এর আগে জাতীয় দলের হয়ে একটি টেস্ট খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। মূলত অর্ডারের ব্যর্থতা কাটাতেই তাকে দলে এনেছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলা ১৫৪তম ক্রিকেটার তিনি।

এই ম্যাচে একাদশে আছেন ওপেনার সৌম্য সরকার। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম। দুই স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদের সঙ্গে আছেন তানভীর ইসলাম। আর পেস বোলিংয়ে মোস্তাফিজের সঙ্গে আছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ:সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।