আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের দুই তারকা ব্যাটার

৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৭:৪৬

ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হেসেছে তাদের ব্যাট। ভালো খেলার কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুখবর পেলেন এই দুই তারকা ব্যাটার। বুধবার (৩ সেপ্টেম্বর) পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৮ ধাপ এগিয়েছেন তানজিদ হাসান তামিম। আর এক ধাপ এগিয়েছেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ২৪ বলে ২৯ রান করার পর দ্বিতীয় ম্যাচে ৪০ বলে করেন ৫৪ রান। তানজিদ এর পুরস্কার হিসেবে ব্যাটারদের মধ্যে ৮ ধাপ উন্নতি হয়েছে তার। ৫৬২ রেটিং পয়েন্ট নিয়ে এখন ৩৬ নম্বরে অবস্থান করছেন তিনি। তানজিদের ২৯ রান করার ম্যাচে বাংলাদেশ জিতেছিল লিটন কুমার দাসের ব্যাটে। ওয়ানডাউনে নেমে বাংলাদেশ দলপতি ২৯ বলে করেছিলেন ৫৪ রান। ফলস্বরূপ এক ধাপ এগিয়ে ৪৭ নম্বরে উঠেছেন তিনি। লিটনের রেটিং পয়েন্ট ৫৩৪।

তানজিদ লিটনের উন্নতি হলেও ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে তাওহীদ হৃদয়ের। হৃদয় নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচের একটিতেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আউট হয়েছিলেন শূন্য রানে। ৬ ধাপ পিছিয়ে এখন লিটনের পরে অবস্থান করছেন তিনি। নাজমুল হোসেন শান্ত ও জাকের আলীর অবনতি হয়েছে ৪ ধাপ করে।

টি-টোয়েন্টি ফরম্যাটের ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা। দুইয়ে অবস্থান তার সতীর্থ তিলক ভার্মার। তৃতীয় ও চতুর্থ স্থানটি দুই ইংলিশ ক্রিকেটারের দখলে। তারা হলেন যথাক্রমে ফিল সল্ট ও জস বাটলার। তালিকার পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

বাংলাদেশের জার্সিতে হাসান মাহমুদ সবশেষ টি-২০ খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে রয়েছেন তিনি। পিছিয়েছেন শরিফুল ইসলামও। ৩ ধাপ পিছিয়ে তার অবস্থান এখন হাসান মাহমুদের পরে। রিশাদ হোসেনের অবনতি এক ধাপ।

এই ফরম্যাটের বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের জ্যাকব ড্যাফি। ৭১০ রেটিং নিয়ে দুইয়ে ইংল্যান্ডের আদিল রশিদ। আকিল হোসেন ও ভরুণ চক্রবর্তী রয়েছেন তৃতীয় ও চতুর্থ স্থানে। ৭০০ রেটিং নিয়ে পাঁচে অস্ট্রেলিয়ার জাম্পা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।