যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের ব্যাপারে পুতিনকে যা বললেন ইরানের প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পুতিনকে তিনি জানিয়েছেন, পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক এই বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন।
রোববার (১২ এপ্রিল) পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপে পেজেশকিয়ান এ কথা জানান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর বরাতে জানা গেছে, পেজেশকিয়ান বলেছেন, ‘ন্যায্য একটি চুক্তিতে পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে মার্কিন পক্ষের দ্বিমুখী নীতি ও আধিপত্যবাদী মনোভাব।’
তিনি আরও বলেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য চুক্তিতে পৌঁছাতে পুরোপুরি প্রস্তুত, যা অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।’
পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, ইরানের ‘লাল রেখা’ হচ্ছে দেশটির জাতীয় স্বার্থ এবং জনগণের অধিকার। তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র যদি আন্তর্জাতিক আইনি কাঠামোকে সম্মান করে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।
আইআরআইবি জানিয়েছে, আলোচনায় অগ্রগতি না হলেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে ইরান তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য