আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল
এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর পাকিস্তান ত্যাগ করেছে ইরানের প্রতিনিধিদল। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধিদলটি স্থানীয় সময় রাত ৯টার কিছু পর ইসলামাবাদ থেকে রওনা দেয়। দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি না হওয়ায় তারা দেশ ত্যাগ করেন।
তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, এই প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা। এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদলও আলোচনায় ব্যর্থ হয়ে ইসলামাবাদ ছেড়ে যায়। ফলে উভয় পক্ষই কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ত্যাগ করেছে।
‘ইসলামাবাদ টকস’ নামে পরিচিত এই বৈঠক শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত প্রায় ২১ ঘণ্টা ধরে চলে। আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, পারমাণবিক ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের সীমারেখা স্পষ্ট করেছিল, তবে ইরান সেই শর্ত মেনে নেয়নি। এই ব্যর্থ আলোচনার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ভবিষ্যতে আবারও সংলাপের সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক মহল ইঙ্গিত দিচ্ছে। তথ্যসূত্র : বিবিসি
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য