লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

৯ এপ্রিল ২০২৬, ১২:১৯:৪৪

ফের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের অন্যতম শর্ত ছিল গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা। সে অনুযায়ী ইরান প্রণালি থেকে অবরোধ তুলেও নিয়েছিল। কিন্তু যুদ্ধবিরতি অমান্য করে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইরান ফের হরমুজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ফারস নিউজ এজেন্সি।

ইরানের এই রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, ইসরায়েল যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা বন্ধ না করায় গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আর কোনও তেলবাহী জাহাজ চলাচল করতে পারছে না। যদিও প্রণালিটি বন্ধ করার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পরও উপসাগরীয় অঞ্চলের অন্তত তিনটি দেশে সাইরেনের শব্দ শোনা গেছে। যার অর্থ, এসব দেশে এখনও হামলা বন্ধ হয়নি। তবে এসব হামলার ফলে যুদ্ধবিরতি চুক্তি ভণ্ডুল হবে কি না, তা স্পষ্ট নয়।

ইরান জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের নতুন নীতি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা সম্ভব হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে মিলে ভূগর্ভে মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণে কাজ করবে যুক্তরাষ্ট্র।

পাকিস্তানসহ কয়েকটি দেশ জানায়, লেবাননে সংঘর্ষ সাময়িকভাবে থামবে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের নামে দেশটিতে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বৈরুতের কেন্দ্রস্থলের ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকায় আঘাত হানে ইসরায়েল। এতে বহু মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননে আজই সবচেয়ে বড় সমন্বিত হামলা চালিয়েছে তারা। বৈরুত, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননের ১০০টিরও বেশি হিজবুল্লাহ কমান্ড সেন্টার ও সামরিক স্থাপনায় এ হামলা চালানো হয় বলে দাবি করেছে আইডিএফ।

সূত্র: ডেইলি এক্সপ্রেস

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য