সৌদি আরবে ইরানি হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত হয়েছে: দাবি আইআরজিসির
এবার সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের লক্ষ্য করে গত শুক্রবার (২৭ মার্চ) হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি। এই হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত হয়েছে বলে বুধবার (১ এপ্রিল) সংবাদ প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। এতে ২০০ জন হতাহত হয়েছে যাদের বেশিরভাগই যুদ্ধবিমান চালক।
এদিকে ২৯ মার্চ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, প্রিন্স সুলতান ঘাঁটিতে একটি গুরুত্বপূর্ণ মার্কিন এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (এডব্লিএসিএস) বিমান, বোয়িং ই-৩ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইরানি হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন, পাশাপাশি কয়েকটি রিফুয়েলিং বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, এই বিমান উন্নত রাডার ব্যবহার করে শতাধিক কিলোমিটার দূরের বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং কমান্ডারদেরকে যুদ্ধক্ষেত্রের লাইভ চিত্র সরবরাহ করে। হামলার আগে যুক্তরাষ্ট্রের এডব্লিএসিএস ফ্লিটের মাত্র ১৬টি বিমান কার্যকর অবস্থায় ছিল। তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরব এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাশিয়া সম্প্রতি এই বিমান ঘাঁটির স্যাটেলাইট ছবি ইরানের কাছে পাঠিয়েছে, যা হামলার জন্য ইরানকে লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছে। তিনি বলেন, আমি শতভাগ নিশ্চিত যে রাশিয়া তথ্য শেয়ার করেছে। উল্লেখ্য, রাশিয়ার স্যাটেলাইট ২০, ২৩ এবং ২৫ মার্চ ঘাঁটিটির ছবি নিয়মিতভাবে ধারণ করেছিল। জেলেনস্কি-এর মতে, ধারাবাহিক ছবি ইঙ্গিত দেয় যে হামলার পরিকল্পনা চলছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য