ইরান যুদ্ধের প্রভাব

উপসাগরীয় অঞ্চলে ৪০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে, জাতিসংঘের সতর্কবার্তা

১ এপ্রিল ২০২৬, ১০:৪৯:০৭

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে প্রায় ৪০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় আরব দেশগুলোর মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১২০ থেকে ১৯৪ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে। খবর ইউকে ইন্ডিপেন্ডেন্টের।

জাতিসংঘের সহকারী মহাসচিব আবদুল্লাহ আল-দারদারি বলেন, ‘মাত্র এক মাসেই আমাদের অঞ্চলে প্রায় ৪০ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারে, যা সাধারণত বহু বছরের অর্থনৈতিক পতনের ফল হয়।’ প্রতিবেদন অনুযায়ী, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশ ও লেভান্ট অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে, যেখানে জিডিপি ৫.২ শতাংশের বেশি কমতে পারে। এতে বেকারত্বের হারও বেড়ে প্রায় ৩৬ লাখ মানুষ কর্মসংস্থান হারানোর আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২৫ শতাংশ সমুদ্রপথে পরিবাহিত তেল ও ২০ শতাংশ এলএনজি পরিবহন হয়।

বিশেষ করে সিরিয়া, লেবানন ও ফিলিস্তিনসহ লেভান্ট অঞ্চলে দারিদ্র্য আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কিছু দেশ বিকল্প রুট যেমন স্থলপথ ও পাইপলাইনের দিকে ঝুঁকছে। তবে বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে এই সংকট অঞ্চলটির অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতায় বড় ধরনের আঘাত হানতে পারে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য