ঈদের নামাজ নিয়ে আরব আমিরাতে জরুরি নির্দেশনা জারি

১৮ মার্চ ২০২৬, ১০:২০:২৬

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে এ বছর ঈদুল ফিতরের নামাজ মসজিদের ভেতরেই আদায় করতে হবে। খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে ঈদের নামাজ আদায় করা যাবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক বিষয়াবলি, ওয়াক্‌ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, এ সিদ্ধান্তটি সারা দেশে কার্যকর হবে। প্রথাগতভাবে উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না বলে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

ইসলামিক বিষয়াবলি, ওয়াক্‌ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ কর্মকর্তারা জানান, নামাজের সুষ্ঠু আয়োজন নিশ্চিত এবং জননিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদই ঈদের নামাজ আদায়ের জন্য মুসল্লিদের ধারণ করতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা মেনে চলার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। এটি সাধারণত বৃহৎ জামাতে নির্ধারিত খোলা স্থানে অনুষ্ঠিত হয়ে থাকে। সূত্র: গালফ নিউজ

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য