ইরানে সরকারের উৎখাতের পরিকল্পনা জনসমর্থন পাবে না: চীনের পররাষ্ট্রমন্ত্রী

৯ মার্চ ২০২৬, ১:০২:০৪

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি সামরিক পন্থায় ইরানে সরকার উৎখাতের চেষ্টা করে, তবে তা জনসমর্থন পাবে না বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার (৮ মার্চ) বেইজিংয়ে এক গুরুত্বপূর্ণ বার্ষিক বৈঠকের সাইডলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বার্তা এ কথা জানানো হয়।

ওয়াং ই বলেন, ‘কোনও কালার রেভল্যুশন (সরকার উৎখাতের) পরিকল্পনা করা বা সরকার পরিবর্তনের চেষ্টা জনসমর্থন পাবে না। ইরানসহ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে।’ একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান ‘অবিলম্বে বন্ধের’ দাবিও জানান তিনি।

ওয়াং ই বলেন, ‘এটি এমন একটি যুদ্ধ, যা কখনোই হওয়া উচিত ছিল না। আর এটি এমন একটি যুদ্ধ, যা কারও কোনো উপকার করছে না। বলপ্রয়োগ কোনো সমাধান দেয় না। সশস্ত্র সংঘাত শুধু ঘৃণা বাড়ায় এবং নতুন সংকটের জন্ম দেয়।’

ওয়াং ই সব পক্ষকে যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, সংলাপের মাধ্যমে মতপার্থক্য মেটাতে হবে এবং যৌথ নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মানুষের জীবনে শান্তি ফিরিয়ে দেওয়া এবং বিশ্বে স্থিতি প্রতিষ্ঠার জন্য চীন আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত।

এদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বড় পরিসরের সামরিক অভিযান চালালেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামো ভেঙে দেওয়া সম্ভব হওয়ার সম্ভাবনা কম। শনিবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ওই প্রতিবেদনে গোপন নথির সঙ্গে পরিচিত তিন সূত্রের বরাতে জানানো হয়, এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ইরানের নেতৃত্বকে ‘সরিয়ে’ নিজের পছন্দের উত্তরসূরি বসাতে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবে এমন ফলাফল নিশ্চিত হওয়া মোটেও সহজ নয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য