যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

৮ মার্চ ২০২৬, ১২:৩৯:৩৭

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নৃশংস সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো ইরানের আত্মরক্ষার অন্তর্নিহিত অধিকার বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কিংবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আক্রমণকারীদের শনাক্ত করে দায়িত্ব পালন না করা পর্যন্ত তেহরান পদক্ষেপ নেয়া অব্যাহত রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইনের অধীনে কোনো রাষ্ট্র তার ভূখণ্ডকে অন্য দেশের বিরুদ্ধে ক্ষতি বা হামলার জন্য সরাসরি বা পরোক্ষভাবে ব্যবহার করতে দিতে পারে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর বিরুদ্ধে তারা ‘প্রয়োজনীয় ও আনুপাতিক প্রতিরক্ষামূলক অভিযান’ পরিচালনা করেছে। একই সঙ্গে এসব পদক্ষেপের আগে ধারাবাহিকভাবে সতর্কবার্তাও দেয়া হয়েছিল বলেও উল্লেখ করা হয়।

এ ধরনের অভিযানকে আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে শত্রুতা হিসেবে দেখার সুযোগ নেই বলেও বিবৃতিতে বলা হয়েছে। এতে বলা হয়, এই পদক্ষেপ ‘কোনোভাবেই অঞ্চলের দেশগুলোর প্রতি বৈরিতা বা শত্রুতার ইঙ্গিত নয়।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা হামলা শুরু করেছে। উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদ লক্ষ্য করে তেহরান হামলা চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনা এই উত্তেজনার প্রেক্ষাপটে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সূত্র- আজ জাজিরা

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য