অক্ষত রয়েছেন মুজতবা খামেনি, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার জোর সম্ভাবনা

৪ মার্চ ২০২৬, ১০:১২:৩০

ছবি: সংগৃহীত

ইরানে সাম্প্রতিক যৌথ হামলার মধ্যেও দেশটির প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব মুজতবা খামেনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার (৪ মার্চ) দুটি ইরানি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের পরপরই দেশটির বিশেষজ্ঞ পরিষদ নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করতে পারে। সেই প্রেক্ষাপটে ক্ষমতাসীন মহলের দৃষ্টিতে মুজতবা খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এগিয়ে রয়েছেন।

মুজতবা খামেনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে। তিনি মধ্যম পর্যায়ের একজন ধর্মীয় আলেম হলেও ইরানের ক্ষমতার কাঠামোয় অত্যন্ত প্রভাবশালী হিসেবে বিবেচিত। বিশেষ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা যায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কট্টরপন্থি হিসেবে পরিচিত মুজতবা দীর্ঘদিন ধরেই তার বাবার উত্তরসূরি হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। সাম্প্রতিক হামলার পর তার নিরাপত্তা ও অবস্থান নিয়ে জল্পনা তৈরি হলেও এখন জানা গেছে, তিনি নিরাপদে রয়েছেন।

ইরানের রাজনৈতিক ব্যবস্থায় সর্বোচ্চ নেতা রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। সামরিক, বিচার ও প্রধান নীতিনির্ধারণী ক্ষমতা তার হাতেই কেন্দ্রীভূত থাকে। ফলে বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে পরবর্তী নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির উত্তরসূরি হিসেবে যাকেই দায়িত্ব দেয়া হোক, তাকে নিশ্চিহ্ন তথা হত্যা করা হবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। একইসঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস এবং দেশটির সরকার পতনের পরিবেশ তৈরির চেষ্টা অব্যাহত রাখবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে যাকেই নিয়োগ দেয়া হোক না কেন, ইসরায়েলি বাহিনী তাকে ‘নিশ্চিহ্ন’ করার চেষ্টা করবে বলে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দিয়েছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য