আওয়ামী লীগ নেতাদের জামিন, আদালত বর্জন করে আইনজীবীদের বিক্ষোভ
এবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুসসহ আওয়ামী লীগের নেতাদের জামিন মঞ্জুর হওয়ায় বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবী সমিতির নেতা ও বিএনপিপন্থি আইনজীবীরা। এর ফলে সাধারণ বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে তারা দাবি করছেন।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে আইনজীবীরা এ বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ চলাকালে তারা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করেন। বিচারককে অপসারণ না করা পর্যন্ত আদালতের সব কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, যেখানে বিস্ফোরক মামলার আসামিদের জেলা জজ আদালতে গিয়ে জামিন নিতে হচ্ছে, সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মামলায় জড়িত আওয়ামী লীগ নেতারা নিম্ন আদালত থেকেই জামিন পাচ্ছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে এসে সহজেই জামিন পেলেন। মনে হলো আদালত যেন তারই অপেক্ষায় ছিল।
অন্যদিকে আদালত বর্জনের কারণে বিচারকার্য ব্যাহত হওয়ায় দুর্ভোগ বাড়ছে বিচারপ্রার্থীদের। দূর-দূরান্ত থেকে আসা অনেকেই জানান, দ্রুত সমস্যার সমাধানে সরকারের উদ্যোগ প্রয়োজন। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য এস এম সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা মো. রিয়াজ হোসেনসহ সমিতির অন্যান্য নেতারা।
প্রসঙ্গত, ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিচারক এস. এম. শরিয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল মহানগর সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য