প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকার জন্য বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১:১৮:৫৪

এবার লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা নিয়ে দুই সহোদর ভাইয়ের হাতাহাতিতে একজন মারা গেছেন।  মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন। গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন। 

এদিকে নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন অভিযোগ করে জানান, একটি মিটারের মাধ্যমে আলমগীর ও খোরশেদ যৌথভাবে বিদ্যুৎ ব্যবহার করে।  এতে দুজনেই ভাগাভাগি করে বিল পরিশোধ করে আসছে।  চলতি মাসের বিল দেওয়ার সময় আলমগীর ৫ টাকা কম দেয়।  এ নিয়েই দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।  সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে আলমগীর চা পান করতে যায়।  সেখানে খোরশেদসহ কয়েকজন মিলে তার স্বামীকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় অভিযুক্তরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

পুলিশ জানায়, বিদ্যুৎ বিল নিয়ে খোরশেদ ও আলমগীরের মধ্যে কথা কাটাকাটি হয়।  পরে দুই ভাই দোকানে গেলে সেখানে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।  পরে প্রত্যক্ষদর্শীরা তাদের ছাড়িয়ে নেয়।  একপর্যায়ে খোরশেদ ঘটনাস্থল থেকে চলে গেলেও আলমগীর সেখানে ছিলো।    পরিবারের ভাষ্যমতে আহত অবস্থায় আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বিদ্যুৎ বিল নিয়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।  পরে আলমগীর মারা যায়।  ঘটনাটি তদন্ত চলছে।  তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।  লাশ হাসপাতালে আছে। 

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য