জামানত হারিয়েও থামছেন না মেঘনা, সিটি করপোরেশন নির্বাচনে লড়বেন
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হলেও রাজনীতির ময়দান ছাড়ছেন না আলোচিত মডেল ও রাজনৈতিক কর্মী মেঘনা আলম। ঢাকা-৮ আসন থেকে ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচন করে ৬০৮ ভোট পেয়েছিলেন তিনি। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানতও হারাতে হয়। তবে এই ফলাফলকে শেষ নয়, বরং নতুন শুরুর বার্তা হিসেবেই দেখছেন তিনি। মেঘনা আলম শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ঘোষণা দেন, আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবেন তিনি।
বিবৃতিতে মেঘনা বলেন, এটি কোনও সমাপ্তি নয়, দীর্ঘমেয়াদি যাত্রার শুরু। গত ১১ বছর আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে কাজ করেছি। জাতীয় রাজনীতিতে আমার অভিষেক হয়েছে ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে। এবার মেয়র নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। নিজের নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি জানান, তার ছিল না কোনও বিলবোর্ড, বড় ক্যাম্প কিংবা ব্যয়বহুল প্রচারণা। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত প্রচারও করেননি। মাত্র তিন দিন এলাকায় হেঁটে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।
তার ভাষ্য, এই ৬০৮ ভোট এসেছে সততা থেকে, মানুষের সঙ্গে সরাসরি সংযোগ থেকে। অন্যরা মাসের পর মাস প্রচারণা চালিয়েও যে স্বীকৃতি পান না, আমি তা পেয়েছি সীমিত সময় ও শূন্য খরচে। সময় ও অর্থ পেলে ৬০৮ ভোট হয়তো ৬০ হাজারেও পৌঁছাত।মেঘনা আরও জানান, তার দল গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে সমন্বয়ে নির্বাচনে অংশ নিলেও নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে তিনি বিএনপির পোলিং এজেন্টের সহায়তা নেননি।
সবশেষে তিনি বলেন, রাজনীতি অর্থ ও আড়ম্বরের খেলা নয়; এটি সাহস, সততা ও মানুষের প্রতি ভালোবাসার জায়গা। আত্মবিশ্বাসী কণ্ঠে তার পক্ষে থেকে জানানো হয়, যে নারী ভয় পেয়ে দমে যায় না, তাকে থামানো যায় না। একদিন শহর, হয়তো দেশও বদলে দেবেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য