বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের

২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭:৪৮

এবার অন্তর্বর্তী সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, সরকারের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক কম। তারা বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েম করতে চাইছে। রোববার দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী হিসেবে গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট আয়োজন করবেন নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা বলে একদিন প্রমাণিত হবে বলে আমার ধারণা। একটি গোষ্ঠী সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থি দেশ গড়তে চায়। এসব থেকে দেশকে রক্ষায় গণভোটে ‘না’ ভোট দিতে হবে।

তিনি বলেন, দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দিয়ে নিরীহ মানুষকে বিভিন্ন মামলা দিয়ে জেলে নেওয়া হচ্ছে। সবখানে অন্যায়-অত্যাচার হচ্ছে। ইনকিলাব বলে দেশ ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। যারা এসব করছে তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। এ জন্য দেশবাসীকে প্রস্তুত হতে হবে। প্রচার-প্রচারণায় ভালো সাড়া পাওয়ার কথা জানিয়ে জি এম কাদের বলেন, রংপুর বিভাগের সব জায়গায় আমাদের প্রার্থীদের অবস্থান ভালো। বিগত দিনে অন্যায়-অত্যাচারের জন্য আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারিনি। সুষ্ঠুভাবে ভোট হলে এবার আমরা অনেক বেশি ভোট ও সিট পাব।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য