প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

যমজ সন্তানের বাবা হলেন রাম চরণ

২ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৪:১৮

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কোণিদেলা এক নতুন জীবনের সূচনা করেছেন। তাদের ঘরে এসেছে এক ছেলে ও এক মেয়ে, যাদের আগমনে পরিবারে এখন আনন্দের বন্যা। 

এই খবরটি নিশ্চিত করেছেন রাম চরণের বাবা, কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী। গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, মা ও দুই নবজাতক-তিনজনই সুস্থ আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে চিরঞ্জীবী নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, যমজ সন্তানের আগমনে পরিবারে দ্বিগুণ আনন্দ এসেছে। তিনি লেখেন, এটি তাদের পরিবারের জন্য এক অনাবিল সুখের মুহূর্ত এবং সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া বার্তাটিতে চিরঞ্জীবী ও তার স্ত্রী সুরেখা দুজনের নামেই স্বাক্ষর ছিল।

চিরঞ্জীবীর পোস্টের পরপরই ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। সবাই নবজাতকদের জন্য আশীর্বাদ ও ভালোবাসা জানাচ্ছেন।

রাম চরণ ও উপাসনা কোনিদেলার সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ২০১১ সালের ডিসেম্বরে তাঁদের বাগ্‌দান হয় ও ২০১২ সালের জুনে হায়দরাবাদে জমকালো আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়।

উপাসনা অ্যাপোলো চ্যারিটির ভাইস-চেয়ারপারসন এবং অ্যাপোলো হাসপাতাল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রতাপ সি রেড্ডির নাতনি। অন্যদিকে রাম চরণ হলেন কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবীর ছেলে।

২০২৩ সালের জুনে এই দম্পতি তাদের প্রথম সন্তান-কন্যাসন্তান ক্লিন কারাকে স্বাগত জানান। সেই সময়ও পুরো চলচ্চিত্র অঙ্গন ও ভক্তরা ব্যাপকভাবে আনন্দ উদ্‌যাপন করেছিলেন। ২০২৫ সালের দীপাবলিতে উপাসনা সামাজিক মাধ্যমে তার সীমান্থম (গর্ভাবস্থার বিশেষ অনুষ্ঠান) অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি ‘ডাবল সেলিব্রেশন’, ‘ডাবল লাভ’ ও ‘ডাবল ব্লেসিং’-এর কথা উল্লেখ করে যমজ সন্তানের আগমনের ইঙ্গিত দিয়েছিলেন।

ক্যারিয়ারের দিক থেকে রাম চরণ সম্প্রতি শংকরের পরিচালনায় কিয়ারা আদভানির বিপরীতে ‘গেম চেঞ্জার’ ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তিনি তার পরবর্তী ছবি ‘পেড্ডি’র প্রস্তুতি নিচ্ছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য