প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

রঙিন ব্যালটে গণভোট, ব্যাপক প্রচার চালাবে সরকার-ইসি

২৬ নভেম্বর ২০২৫, ১০:৪০:৫৯

এবার গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশ হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মুদ্রণ এবং প্রকাশনা শাখা থেকে গতকাল মঙ্গলবার এটি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে অধ্যাদেশটি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুসারে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি আছে কি না তা যাচাইয়ে গণভোটের বিধান প্রণয়ন করতে এ অধ্যাদেশ তৈরি করা হয়েছে।

গতকাল উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে গণভোট অনুষ্ঠানের সময় নির্ধারণসহ ভোট অনুষ্ঠানের বিস্তারিত বিষয় এ অধ্যাদেশে যুক্ত করা হয়েছে। অধ্যাদেশ অনুমোদনের পর গতকাল বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বিষয়টি জানান। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংসদ নির্বাচন ও গণভোট যেমন একই দিনে হবে, দুটি নির্বাচনের তফসিলও একই সঙ্গে ঘোষণা করা হবে। সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা আর গণভোটের ব্যালট হবে রঙিন। গণভোট অধ্যাদেশ অনুমোদন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে জুলাই সনদে বর্ণিত সংবিধান সংস্কারের বিষয়ে দেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য গণভোট আয়োজনে এ অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, অধ্যাদেশ অনুযায়ী গণভোটে একটি প্রশ্ন থাকবে। সেখানে ‘হ্যাঁ’ ও ‘না’ বক্স থাকবে। যারা এতে সম্মতি জানাবেন তারা ‘হ্যাঁ’ এবং যারা জানাবেন না তারা ‘না’ ভোট দেবেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে উল্লিখিত চারটি প্রস্তাবের জন্য এই ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট হবে বলে জানান আইন উপদেষ্টা। এক্ষেত্রে ভোটাররা অধিকতর সম্মত হওয়ার ভিত্তিতে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেবেন।

অধ্যাদেশের বিধানগুলো তুলে ধরে উপদেষ্টা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটকেন্দ্রই হবে গণভোটের ভোটকেন্দ্র। সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার থেকে শুরু করে ভোটগ্রহণকারী সব কর্মকর্তা গণভোটেরও ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় হবে গণভোটের ভোটগ্রহণেরও সময়। গণভোটের ব্যালট সংসদ নির্বাচন থেকে ভিন্ন হবে। ভোটাররা যাতে বিভ্রান্ত না হন, সেজন্য গণভোটের ব্যালট রঙিন হবে। সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত সিলমোহর গণভোটেও ব্যবহার হবে। গণভোটেও পোস্টাল ব্যালটের ভোট দেওয়া যাবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ভোটগণনা এবং ফলাফল ঘোষণাসহ অন্যসব ক্ষেত্রেও জাতীয় নির্বাচনের বিধানগুলো গণভোটে প্রযোজ্য হবে।

তিনি জানান, কোনো কারণে কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হলে নির্বাচন কমিশন (গণভোটের ক্ষেত্রে) যদি এ মর্মে সন্তুষ্ট হয়, অন্যান্য ভোটকেন্দ্রের ফল দিয়ে গণভোটের ফল নির্ধারণ করা সম্ভব নয়, তখনই কেবল কমিশন ওই সব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেবে। কমিশন যদি মনে করে যেসব কেন্দ্রের ভোটগ্রহণ করা সম্ভব হয়নি, তাছাড়াই গণভোটের ফল নির্ধারণ করা যাবে, তাহলে ওই সব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দরকার পড়বে না। গণভোট অনুষ্ঠানে নির্বাচন কমিশন প্রয়োজনীয় বিধি, নির্দেশনা ও পরিপত্র প্রণয়ন করতে পারবে বলে অধ্যাদেশে উল্লেখ রয়েছে। একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠানকে চ্যালেঞ্জ উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এবার আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়। তবে আমরা দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর যে উৎসাহ দেখছি, তাতে দুটি চ্যালেঞ্জই ভালোভাবে মোকাবিলা করতে পারব বলে আশা করি।

চারটি প্রশ্নে গণভোটে জনগণ বিভ্রান্ত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচার চালানো হবে। আগামী দুই-তিনদিনের মধ্যে এটি শুরু হবে। নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সরকারের তরফ থেকেও এটি করা হবে। সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, প্রায় ২০ বছর পর দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে। চ্যালেঞ্জ থাকলেও আশা করি আমরা একটি সুষ্ঠু ও সুন্দর ভোট করতে পারব। গণভোট ও সংসদ নির্বাচনের তফসিলও একই দিনে হবে বলে আইন উপদেষ্টা জানান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য