বুধবার ১৫ এপ্রিল, ২০২৬, ০১:০১ অপরাহ্ণ

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, বাংলাদেশিদের উল্লাস

১৫ এপ্রিল, ২০২৬ ১০:০০:৪৯

এবার ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ যখন সীমান্ত কঠোর করা ও দেয়াল তোলার পথে এগোচ্ছে, তখন স্পেন বেছে নিয়েছে ভিন্ন এক পথ। দেশটির সরকার এক যুগান্তকারী চুক্তিতে পৌঁছে প্রায় ৫ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দিচ্ছে। অর্থনীতি, জনসংখ্যা আর বাস্তবতার যুক্তি তুলে ধরে এই উদ্যোগকে ন্যায়ের পদক্ষেপ বলছে তারা।

পাঁচ লক্ষেরও বেশি অভিবাসীকে গণক্ষমা অনুমোদন করায় মঙ্গলবার (১৪ এপ্রিল) বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদযাপনের দৃশ্য দেখা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাদের উল্লাস করতে দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগানে মাধ্যমে স্পেন সরকারকে ধন্যবাদ জানান। এই সুবিধা পেতে আবেদনকারীদের অন্তত পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ এবং পরিচ্ছন্ন অপরাধমুক্ত রেকর্ড দেখাতে হবে। আগামী ১৬ এপ্রিল থেকে জুন মাসের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অনুমোদন পেলে তারা কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।

সরকার বলছে, এই অভিবাসীরাই স্পেনের অর্থনীতি ও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। জনসংখ্যার বার্ধক্য মোকাবিলা এবং শ্রমঘাটতি পূরণে তাদের বৈধতা দেওয়া জরুরি। অতীতে স্পেনের নাগরিকদের বিদেশে কাজের জন্য পাড়ি জমানোর ইতিহাসও এই সিদ্ধান্তের নৈতিক ভিত্তি হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

তবে দেশটির বিরোধী দল পিপলস পার্টি এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলছে, সরকারের এমন উদ্যোগ অবৈধ অভিবাসনকে উৎসাহিত করবে এবং নতুন করে আরও মানুষের আগমন বাড়াতে পারে। যদিও ক্যাথলিক চার্চসহ কিছু মহল এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। ইউরোপজুড়ে কড়াকড়ির প্রবণতার বিপরীতে স্পেনের এই পদক্ষেপ নতুন বিতর্ক তৈরি করেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310

Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD