বুধবার ১৫ এপ্রিল, ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ণ

পারমাণবিক কার্যক্রম ৫ বছর স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে ইরান: নিউইয়র্ক টাইমস

১৫ এপ্রিল, ২০২৬ ১২:৩৪:০৫
ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থা কাটার আভাস মিললেও যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে মতপার্থক্য এখনও বেশ গভীর। ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা চাইছে। এই টানাপোড়েনের মধ্যেই জাতিসংঘ বলছে, এই সংঘাতের কোনও সামরিক সমাধান নেই, প্রয়োজন আলোচনায় ফেরা।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরান সর্বোচ্চ পাঁচ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করার প্রস্তাব দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ২০ বছরের স্থগিতের দাবি জানিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় তেহরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত নিয়ে উভয় পক্ষই নিজেদের প্রস্তাব বিনিময় করেছে। তবে এখনও কোনও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ এবং তাদের অবস্থানের মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে।

তবে আলোচনার ধারাবাহিকতা থেকে বোঝা যাচ্ছে, একটি শান্তি চুক্তির সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। সামনাসামনি আরেক দফা বৈঠকের সম্ভাবনাও রয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি এই সংঘাতের অন্যতম প্রধান বিতর্কের বিষয়। গত রোববারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন যে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে।

অন্যদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে এই সংঘাতের কোনও সামরিক সমাধান নেই’। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি অবশ্যই বজায় রাখতে হবে এবং সব ধরনের লঙ্ঘন বন্ধ করতে হবে।

গুতেরেস বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনায় ফেরাটাই এখন জরুরি। এছাড়া তিনি সব দেশকে আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালিসহ সমুদ্রপথে অবাধ চলাচলের স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310

Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD