মঙ্গলবার ১৪ এপ্রিল, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ

দক্ষিণ লেবাননে ভয়াবহ সংঘর্ষ, আরও এক ইসরায়েলি সেনা নিহত

১৪ এপ্রিল, ২০২৬ ২:৩৮:৩২
ছবি: সংগৃহীত

লেবাননে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে তিনি প্রাণ হারান। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন ইসরায়েলি সেনা। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘর্ষ থামার কোনও লক্ষণ নেই। একদিকে ইসরায়েলি সেনার মৃত্যুর খবর, অন্যদিকে হাসপাতালসহ বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ। সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে। একই ঘটনায় আরও তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহত ওই সেনার নাম আয়াল উরিয়েল বিয়াঙ্কো। তার বয়স ৩০ বছর। তিনি কাটস্রিন এলাকার বাসিন্দা ছিলেন এবং ১৮৮তম ‘বারাক’ সাঁজোয়া ব্যাটালিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ চলাকালে দক্ষিণ লেবাননে তিনি নিহত হন। একই ঘটনায় আহত অন্য তিন সেনার মধ্যে একজন মাঝারি মাত্রায় এবং বাকি দুজন হালকা আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে আল জাজিরা যাচাই করা ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ লেবাননের তেবনিন সরকারি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলার ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভিডিওতে হাসপাতালের করিডরে ময়লা ও ভাঙা কাঁচ ছড়িয়ে থাকতে দেখা যায় এবং কয়েকটি কক্ষে চিকিৎসা সরঞ্জাম এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাইরে পার্ক করা গাড়িগুলোও ধ্বংসাবশেষ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, এই হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে। এর আগে জানানো হয়েছে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মূলত আগ্রাসনের বেশিরভাগই দক্ষিণ লেবাননকে কেন্দ্র করে চালাচ্ছে ইসরায়েল।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310

Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD