১০০ কোটি ডলার ও তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে চেয়ে বসলেন উগান্ডার সেনাপ্রধান
ছবি: সংগৃহীত
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার এবং দেশটির সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দেয়ার দাবি জানিয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। তিনি দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির পুত্র।
কাইনেরুগাবা অভিযোগ করেন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় উগান্ডার অবদান যথাযথ স্বীকৃতি পায়নি। এ জন্য তার দেশের আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্য।
তিনি আরও হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। কাম্পালায় অবস্থিত তুরস্কের দূতাবাসও বন্ধ করে দেয়া হবে।
একই সঙ্গে ‘তুরস্কের সবচেয়ে সুন্দর নারীকেও’ চেয়ে বসেছেন কাইনেরুগাব। সেই নারীকে বিয়ে করার ইচ্ছাপোষণ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া একাধিক পোস্টে কাইনেরুগাবা অভিযোগ করেন, সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন ব্যবসা এবং অবকাঠামো প্রকল্প থেকে তুরস্ক লাভবান হচ্ছে। এসব প্রকল্প থেকে তুরস্ক লাভবান হলেও বহু বছর ধরে উগান্ডাই নিরাপত্তার ভার বহন করে আসছে বলে দাবি তার।
উগান্ডা প্রায় দুই দশক ধরে আফ্রিকান ইউনিয়নের (এইউ) মিশনের অংশ হিসেবে সোমালিয়ায় সেনা মোতায়েন করে আসছে। সেখানে আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে দেশটির সেনারা।
কাইনেরুগাবা বলেন, ‘নিরাপত্তা লভ্যাংশ’ হিসেবে তুরস্কের কাছ থেকে ১০০ কোটি ডলার প্রাপ্য উগান্ডার। তিনি আরও বলেন, ‘তুরস্কের জন্য এটি খুবই সহজ একটি বিষয়… তারা হয় আমাদের অর্থ প্রদান করবে, নয়তো আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেব। তারা চাইলে পাল্টা হিসেবে তুরস্কে আমাদের দূতাবাসও বন্ধ করতে পারে। এতে কোনও সমস্যা নেই।’
এ ছাড়া উগান্ডার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে তুরস্কে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
অপর এক পোস্টে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে কাইনেরুগাবা বলেন, ‘আমি উগান্ডার ১ লাখ সেনা ইসরায়েলে মোতায়েন করতে প্রস্তুত।’
উগান্ডার সেনাপ্রধান অবশ্য প্রায়শই এমন অসংলগ্ন মন্তব্য করে থাকেন। ২০২২ সালের অক্টোবরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বলেছিলেন, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর গরু’ হিসেবে পরিচিত ১০০টি আনকোলে গরু দিতে প্রস্তুত তিনি।সূত্র: এনডিটিভি
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য