ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাপেলের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে এক নতুন ধরনের আর্থিক প্রতারণা দ্রুত ছড়িয়ে পড়ছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ভুয়া ‘অ্যাপল পে’ সতর্কবার্তার মাধ্যমে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকরা।
বিশেষজ্ঞদের মতে, প্রতারকরা ব্যবহারকারীদের ফোনে এসএমএস পাঠিয়ে জানায় যে তাদের অ্যাপল পে-তে সন্দেহজনক লেনদেন হয়েছে অথবা কোনো পেমেন্ট ব্যর্থ হয়েছে। বার্তাগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে তা অ্যাপলের অফিসিয়াল নোটিফিকেশন বলেই মনে হয়। এরপর দ্রুত পদক্ষেপ নিতে উৎসাহিত করে একটি ফোন নম্বর বা লিংক দেওয়া হয়।
ব্যবহারকারী যখন ওই নম্বরে যোগাযোগ করেন, প্রতারকরা নিজেদের অ্যাপল সাপোর্ট প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয়। তারা পরিস্থিতিকে জরুরি হিসেবে তুলে ধরে ভয় ও চাপ সৃষ্টি করে। এরপর অ্যাকাউন্ট নিরাপদ রাখার অজুহাতে দ্রুত একটি তথাকথিত ‘নিরাপদ’ অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে বলা হয়। অনেক ক্ষেত্রে নগদ টাকা উত্তোলন, অ্যাপল পে, অ্যাপল ক্যাশ বা গিফট কার্ডের মাধ্যমেও অর্থ পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
একটি ঘটনায় দেখা গেছে, এক নারী ভুয়া সতর্কবার্তা পেয়ে ফোন করলে তাকে ১৫ হাজার ডলার উত্তোলনের জন্য রাজি করানো হয়। তবে ব্যাংকের এক কর্মীর সতর্কতায় তিনি শেষ মুহূর্তে প্রতারণার হাত থেকে রক্ষা পান। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রতারণা প্রযুক্তিগত হ্যাকিং নয়, বরং মানুষের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে করা হয়। ভয় দেখানো, তাড়াহুড়ো তৈরি করা এবং ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আস্থা অর্জন এসবই তাদের কৌশল।
যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
*অচেনা নম্বর থেকে অ্যাপল পে সংক্রান্ত বার্তা
*অপরিচিত নম্বরে ফোন করার অনুরোধ
*দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ
*অর্থ স্থানান্তর বা নগদ উত্তোলনের নির্দেশ
*পাসওয়ার্ড বা ভেরিফিকেশন কোড চাওয়া
অ্যাপল কর্তৃপক্ষও জানিয়েছে, তারা কখনোই হঠাৎ করে এসএমএস পাঠিয়ে ব্যক্তিগত তথ্য বা ফোন কলের অনুরোধ করে না।
নিরাপদ থাককে সন্দেহজনক লিংকে ক্লিক বা নম্বরে কল করবেন না। সমস্যা হলে সরাসরি অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন। ব্যাংকের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করুন। সব সময় টু স্টেপ অথেন্টিকেশন চালু রাখুন। সন্দেহ হলে দ্রুত ব্যাংককে জানিয়ে লেনদেন বন্ধ করুন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310
Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য