বৃহস্পতিবার ৯ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ অপরাহ্ণ

‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

৯ এপ্রিল, ২০২৬ ৫:২৭:১৫

এবার সংসদ এলাকায় তাকে ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদে বিশেষ অধিকারের নোটিশ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এর পর নোটিশটি উত্থাপন করেন হানজালা। হানজালা বলেন, গত ৩০ তারিখে (৩০ মার্চ) সংসদ এলাকায় তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলা হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন।

সংসদে তিনি বলেন, বিগত ৩০ তারিখে সংসদ এলাকার মধ্যে আমাকে প্রকাশ্য ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়া হয়। যাহা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে আমি সামাজিকভাবে ভীষণ হেয়প্রতিপন্ন হচ্ছি। সংসদের অভ্যন্তরে গর্হিত হওয়ায় সংসদে আমার বিশেষ অধিকার ক্ষুন্ন হয়েছে বলে মনে করছি।

এটিকে ‘ফ্যাসিস্ট ওয়ার্ড’ আখ্যা দিয়ে হানজালা বলেন, ‘গত ১৭ বছর ধরে এ ধরনের শব্দ ব্যবহার করে “ভালো মানুষকে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে”বিভিন্ন অপবাদ দিয়ে, বিভিন্নভাবে তারা হেয়প্রতিপন্ন করেছে।’ সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সব সংসদ সদস্যের সম্মান রক্ষায় স্পিকারের হস্তক্ষেপও চান তিনি। স্পিকারকে উদ্দেশ করে হানজালা বলেন, ‘আমি চাই আপনার মাধ্যমে প্রত্যেকেই যেন তার সম্মান নিয়ে থাকতে পারে। কারো সম্মান আগামীতে কেউ যেন ক্ষুণ্ন করতে না পারে।’

পরে স্পিকার ওই সদস্যর বিশেষ অধিকারের প্রশ্নটি উত্থাপিত হলো বলে সংসদে জানান। স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্যের বিশেষ অধিকারের প্রশ্নটি অধিকতর পরীক্ষা করা, তদন্ত এবং রিপোর্টদানের জন্য বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।’ বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD