বুধবার ৮ এপ্রিল, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ

তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি

৮ এপ্রিল, ২০২৬ ৭:১৭:৫২
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা যুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বীর মুক্তিযোদ্ধা এবং তার দুই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুজিবুর রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন ৷

মুজিবুর রহমান বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দীর্ঘ নয় মাস বন্দি থেকেও যে অসীম ধৈর্য ও দেশপ্রেমের পরিচয় এই পরিবারটি দিয়েছে, তা ইতিহাসে বিরল। আমাদের প্রিয় নেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়া ১৯৭১ সালে তার দুই সন্তানসহ পাকিস্তানিদের হাতে বন্দি ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকো সেই অবর্ণনীয় কষ্টের দিনগুলো পার করেছেন মায়ের সঙ্গে বন্দিশালায়। এটি কোনও রাজনৈতিক চাটুকারিতা নয়, বরং ইতিহাসের সত্য।

তিনি বলেন, আমি নির্বাচনের আগেও বিভিন্ন রাজনৈতিক বক্তৃতায় বলেছি, আজও বলছি—বেগম খালেদা জিয়াকে তার অবদানের জন্য পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি নয় মাস বন্দি জীবন কাটানোয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহোদর ভাইকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান এখন সময়ের দাবি।

মুজিবর রহমান জানান, তারেক রহমানের যুগান্তকারী উক্তি ও দেশপ্রেমের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমেছে। তারা বিশ্বাস করেন, একটি বৈষম্যহীন দেশ গড়তে হলে ইতিহাসের প্রতিটি ত্যাগের সঠিক মূল্যায়ন প্রয়োজন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD