প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

বিএনপিকে যে কারণে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

৭ এপ্রিল ২০২৬, ৯:৩৭:৫৯

ছবি: সংগৃহীত

দলীয় মনোনয়ন না পাওয়ায় নিজ দল বিএনপির প্রতিও ‘ধন্যবাদ’ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, দল থেকে মনোনয়ন না পাওয়ার কারণেই তিনি বুঝতে পেরেছেন—বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অসংখ্য মানুষ ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে তার পাশে ছিলেন। দলীয় সীমার ভেতরে থেকে নির্বাচন করলে এই অভিজ্ঞতা তার হতো না।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যের শুরুতে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, অনেক নেতাকর্মী বঞ্চনা, ভয়ভীতি ও চাপের মধ্যেও তার নির্বাচনে কাজ করেছেন। কেউ কেউ দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তবুও তারা তাকে ছেড়ে যাননি। তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি আবারও বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, মনোনয়ন না পাওয়ার মাধ্যমেই তিনি দেশজুড়ে মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা উপলব্ধি করতে পেরেছেন, যা দলীয় গণ্ডির মধ্যে থাকলে সম্ভব হতো না।

বেগম জিয়াকে শ্রদ্ধা জানিয়ে রুমিন ফারহানা বলেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমাকে স্নেহ দিয়ে রাজনীতিতে এনেছিলেন এবং আমি বিশ্বাস করি তার অপূর্ণতা এই সংসদে কোনোদিন পূরণ হবে না।

উল্লেখ্য, গত নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তখন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত হওয়ার পর স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে সংসদে এসে তিনি আজ এই মন্তব্য করলেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য