বুধবার ৮ এপ্রিল, ২০২৬, ০৩:২২ অপরাহ্ণ

খেলোয়াড়দের রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব

৬ এপ্রিল, ২০২৬ ৫:১৯:১১

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সবার প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে। বরং ক্রীড়ানৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা।’

দেশের একটি ইংরেজি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রসঙ্গ উঠলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘দেখুন, প্রত্যেক নাগরিকেরই নিজস্ব মতামত আছে। প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে যা ঠিক মনে করেছেন বলেছেন। এটা তার ব্যক্তিগত মতামত, আমি সেটা সম্মান করি।’

খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগেই রাজনীতিতে জড়িয়ে সমালোচনার খোরাক হয়েছিলেন সাকিব। এমনকি ক্রিকেটকে বিদায় বলার আগেই তিনি সংসদ নির্বাচনে অংশ নিয়েও এমপিও বনে যান। খেলোয়াড় জীবনে রাজনীতিতে জড়ানোর ফল সাকিবের জন্য মোটেও সুখকর হয়নি। চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে পা রাখতে পারেননি তিনি। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলাও হয়েছে।

এরপরও সাকিব রাজনীতি থেকে দূরে সরে যেতে চান না। বরং ভবিষ্যতে রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ওই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘রাজনীতি একটা বড় প্ল্যাটফর্ম, এখান থেকে পরিবর্তন আনা যায়। মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগবে, সেই আশা এখনও আছে।’ আর সেই রাজনীতি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়েই করতে চান, সেটাও স্পষ্ট করেছেন সাকিব। বলেছেন, ‘(এখন) যেহেতু দলের (আওয়ামী লীগ) কার্যক্রম নেই, তাই ক্রিকেট চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। দলীয় কার্যক্রম শুরু হলে আবার রাজনীতিতে ফিরতে পারি।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD