নিখোঁজ সেই পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

৫ এপ্রিল ২০২৬, ৯:৫৯:১২

এবার ইরানের বিপ্লবী গার্ডের গুলিতে ভূপাতিত নিজেদের যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সামরিক সূত্রের বরাত দিয়ে রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ।

সূত্রটি জানায়, দুই দিন আগে শুক্রবার (৩ এপ্রিল) ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ হওয়ার পর পাইলট থাকার সম্ভাবনা রয়েছে, এমন জায়গায় বোমাবর্ষণ করছে যুক্তরাষ্ট্র। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুদ্ধবিমানগুলো আজ (শনিবার) রাতে কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের কিছু এলাকায় বোমা হামলা চালিয়েছে। উদ্ধার অভিযানে থাকা আমেরিকান সৈন্যদের ধারণা, তাদের পাইলট ওই এলাকায় অবস্থান করছেন।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান। হোয়াইট হাউসের কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিমানে থাকা ক্রুদের উদ্ধারে তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে। ইরানের সেনাবাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের আকাশে স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়। বিমানটিতে থাকা ক্রুদের উদ্ধারের মিশনে থাকা আরেকটি যুক্তরাষ্ট্রের এ-১০ মডেলের যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, এফ-১৫ যুদ্ধবিমানটিতে দুজন ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে এবং অন্য বিমানসেনা এখনও নিখোঁজ। নিখোঁজ ওই সেনার সন্ধানে বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্ধার অভিযান এখন ‘ক্রিটিক্যাল মিশন’ হয়ে উঠেছে। কারণ, সময় যত গড়াবে, ঝুঁকিও তত বাড়বে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য