তেল মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শনিবার ঝিনাইদহের শৈলকুপায় এক খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা এত দিন সফট লাইনে ছিলাম। আমরা বলেছি, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে সেকশন ২৫-এ যে শাস্তির বিধান করা হয়েছে প্রয়োজনবোধে সেই শাস্তি আমরা প্রয়োগ করব, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা সেই কারণে প্রশাসনকে বলছি আপনারা কঠোর হন।’
তিনি বলেন, ‘তেল সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। এই সংকটটা তৈরি হচ্ছে এক শ্রেণির মানুষ অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য মোটরসাইকেল নিয়ে এসে গাড়ি নিয়ে এসে একই তেল একই দিনে দুই তিনবার তারা লাইন দিয়ে তেল নিয়ে গিয়ে বাসায় রেখে বোতলে ভর্তি করে ড্রামে ভর্তি করে রেখে আবার তেল নিতে আসছেন।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘যদি বিএনপির কোনো নেতাকর্মী এর সাথে জড়িত থাকে, সবার আগে তাকে গ্রেপ্তার করবেন। যদি বিএনপির কোনো নেতাকর্মী এই অকাম করে, তাকে কড়া করে কারাগারে নেন। যদি কেউ তার পক্ষে তদবির করতে আসে, তাকেও গ্রেপ্তার করুন সহযোগী হিসেবে। আমরা যেকোনো মূল্যে কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’
গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ভাইয়েরা আমার, এখানেই প্রতারণার ফাঁদ। জুলাই সনদ থাকা না থাকার উপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় এবং কার্যকরী।’
তিনি বলেন, ‘আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এখানে কোনো ইফস্ এন্ড বাটস নাই। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য