বুধবার ৮ এপ্রিল, ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

৪ এপ্রিল, ২০২৬ ১২:০২:৫৬

এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ফ্লোরিডা স্টেটের ফোর্ট মায়ার্স সিটিতে এ ঘটনা ঘটে। জানা যায়, অভিযুক্ত রোলবার্টকে বর্তমানে লি কাউন্টি জেলে রাখা হয়েছে। নিহত নীলুফার ইয়াসমিন মার্টিন লুথার কিং জুনিয়র ব্লুবার্ডে অবস্থিত গ্যাস স্টেশনের বাংলাদেশি মালিকানাধীন ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।

এদিকে অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন একজন গৃহহীন ব্যক্তি। তিনি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছেন। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরের ম্যানেজার ও সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ শিপু জানান, তিন মাস আগে এই দোকানে ক্যাশিয়ার হিসেবে যোগ দেন নীলুফার ইয়াসমিন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নে। ১৬ ও ২০ বছরের দুই কন্যাসন্তান রয়েছে তার।

এ বিষয়ে দোকানের জায়গার মালিক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ বলেন, দোকানের সিসি ক্যামেরায় দেখা গেছে, গত ৩১ মার্চ সকাল ১০টার দিকে এটিএম মেশিনের টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্যাশিয়ারের কাছে টাকা দাবি করে অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০)। তিনি ইংরেজিতে বলেন, ‘আপনার মেশিন আমার টাকা নিয়ে গেছে আমার টাকা দিন।’ জবাবে নীলুফার বলেন, ‘আপনি হয়তো ভুল পিন নম্বর দিয়েছেন, এটিএম মেশিন তো আমার নয়, আমি টাকা দিতে পারব না।’ এ কথা শুনে কৃষ্ণাঙ্গ লোকটি কিছু না বলে চলে যান।

আরিফ আহমেদ বলেন, এরপর বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় ফজরের নামাজ শেষে গাড়ি ভাঙার শব্দ শোনেন নীলুফার। তখন তিনি দোকান থেকে বের হয়ে এসে হোয়াট আর ইউ ডুয়িং (আপনি কী করছেন) বলে এগিয়ে যান। তখন রোলবার্ট গিভ মি মাই মানি (আমাকে আমার টাকা দাও) বলে তেড়ে এসে নীলুফারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ১৪ মিনিটে ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরের সামনে রোলবার্ট প্রথমে নীলুফার ইয়াসমিনের গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করেন। এরপর নীলুফার দোকান থেকে বের হয়ে এলে রোলবার্ট হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন।

পরে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের (ইএমএস) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিন সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন তাকে। এদিকে ফোর্ট মায়ার্স পুলিশ তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে রোলবার্ট জোয়াচিনকে গ্রেপ্তার এবং জেলে পাঠানোর কথা নিশ্চিত করেছে। অপরাধীর ব্যাপারে আর কেউ আরও কোনো তথ্য পেলে সেটি জানানোর জন্য আহ্বান জানিয়েছে পুলিশ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD