ভূপাতিত করা মার্কিন যুদ্ধবিমানের ছবি প্রকাশ করল ইরান
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধবিমানটির কিছু ছবিও ইতিমধ্যে প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি।
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, তাদের প্রকাশিত ছবিগুলো ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। এদিকে যুদ্ধবিমান হারানোর সত্যতা নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তাও। ওই কর্মকর্তা যুদ্ধবিমানটির পাইলটকে খুঁজতে বিশেষ অভিযান চলছে বলেও জানান।
তবে এসব ধ্বংসাবশেষের ছবি বিশ্লেষণ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানের সঙ্গে মিল রয়েছে ধ্বংস হওয়া যুদ্ধবিমানটির।
সিএনএন বলছে, ছবিতে “US Air Forces in Europe”–এর আংশিক লোগো দেখা গেছে, যা সাধারণত এফ-১৫ বিমানের লেজের অংশে থাকে। এছাড়া লাল-সাদা ডোরাকাটা চিহ্নও দেখা যায়, যা ওই বিমানের লেজের উপরের অংশের বৈশিষ্ট্য।
আরেকটি ধ্বংসাবশেষে “CAUTION USE ONLY NON-MAGNETIC FASTENERS” লেখা দেখা গেছে, যা এফ-১৫ বিমানের দুটি ইঞ্জিনের মাঝামাঝি পেছনের অংশের সঙ্গে মিলে যায়।
গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের ফেলো এবং সাবেক রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স কর্মকর্তা পিটার লেইটন সিএনএনকে বলেন, ‘গঠনগত দিক থেকে এটি এফ-১৫ বলেই মনে হচ্ছে। আর লেজের স্ট্রাইপ চিহ্ন দেখে এটি যুক্তরাজ্যের আরএএফ লেকেনহেথে অবস্থিত ৪৮তম ফাইটার উইংয়ের অংশ বলে ধারণা করা যায়।’
তবে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি আইআরজিসির একটি বিবৃতি তুলে ধরেছে। সেখানে বলা হয়, ইরানের কেন্দ্রীয় আকাশে ভূপাতিত করা হয়েছে একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট।
এর আগে আইআরজিসি দাবি করেছিল, হরমুজ প্রণালিতে কেশম ও হেঙ্গাম দ্বীপের মাঝামাঝি এলাকায় আরেকটি উন্নত শত্রু যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে সে ক্ষেত্রে কোনো ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়নি।
প্রথম দাবির পর এক্সে প্রকাশিত একটি ফ্যাক্ট চেক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, কেশম দ্বীপের আকাশে কোনো মার্কিন যুদ্ধবিমান হারানোর ঘটনা ঘটেনি। তবে ইরানের কেন্দ্রীয় আকাশে সাম্প্রতিক ভূপাতিতের দাবির বিষয়ে এখনও সেন্টকম আনুষ্ঠানিক কোনো ফ্যাক্ট চেক পোস্ট প্রকাশ করেনি।
সর্বশেষ যুদ্ধবিমান ভূপাতিতের বিষয়ে আইআরজিসি বিবৃতিতে জানিয়েছে, কেশম দ্বীপের দক্ষিণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের উন্নত যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ভূপাতিত বিমানটি লেকেনহেথ স্কোয়াড্রনের ছিল এবং যুদ্ধবিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছে।
প্রসঙ্গত, আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইরানের সশস্ত্র বাহিনী এ পর্যন্ত দুটি এফ-৩৫, একটি এফ-১৮, দুটি এফ-১৬ এবং চারটি এফ-১৫ ভূপাতিত করার দাবি করল। প্রেস টিভি বলছে, চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে তিনটি মার্কিন এফ-১৫ এবং একটি কেসি-১৩৫ ট্যাংকার হারানোর বিষয়টি নিশ্চিত করেছে। এই ভয়াবহ ক্ষতিগুলো ধামাচাপা দেয়ার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে পেন্টাগন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য