মঙ্গলবার ৭ এপ্রিল, ২০২৬, ০২:১৪ অপরাহ্ণ

সরকারের তীব্র সমালোচনায় জামায়াত আমির

৪ এপ্রিল, ২০২৬ ১২:০৩:২৩
ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অনুষ্ঠিত জামায়াতের দায়িত্বশীল সমাবেশে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের মতামতকে প্রাধান্য না দিয়ে সরকার জনবিরোধী অবস্থান গ্রহণ করেছে। একই সঙ্গে বিএনপি জনগণের কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করে দেশের রাজনৈতিক সংকট আরও গভীর করছে বলেও মন্তব্য করেন।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, দেশের জ্বালানি সংকট, শিক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক অস্থিরতা অত্যন্ত গুরুতর। স্কুল বন্ধ করে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালু করার সরকারি সিদ্ধান্তকে তিনি নির্বুদ্ধিতার পরিচয় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “শিশুরা ইতিমধ্যেই ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে। অনলাইন ক্লাসের নামে তাদের হাতে ডিভাইস ধরিয়ে দিলে আসক্তি আরও বাড়বে।” তিনি সরকারের কাছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অবিলম্বে সচল করার আহ্বান জানান।

অর্থনীতি ও জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকার লুকোচুরি করছে। সরকারের কথাবার্তা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সত্যটা জনগণের সামনে তুলে ধরুন।”

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি গণভোটের রায় অস্বীকার করে ফ্যাসিবাদী কাঠামোর দিকে ফিরে যেতে চাইছে, তবে জনগণের অধিকার কেড়ে নেয়ার সুযোগ কাউকে দেয়া হবে না। তিনি বলেন, “আমাদের আন্দোলন হবে নিয়মতান্ত্রিক ও ইস্পাতকঠিন। তবে যদি কেউ বিশৃঙ্খলা বা সহিংসতায় লিপ্ত হয়, তাকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।”

সমাবেশে তিনি আরও বলেন, সরকার সব জায়গায় দলীয় লোক ও হেরে যাওয়া ব্যক্তিকে প্রশাসক হিসেবে বসিয়ে দেশ পরিচালনায় নিরপেক্ষতা হারিয়েছে। জনগণের দাবি আদায়ে দেশপ্রেমিক যুবসমাজকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD