শুক্রবার ৩ এপ্রিল, ২০২৬, ০৭:১১ অপরাহ্ণ

কঙ্গোতে ভয়াবহ হামলায় নিহত অন্তত ৪৩, জ্বালিয়ে দেয়া হয়েছে বহু বাড়িঘর

৩ এপ্রিল, ২০২৬ ১১:৩৬:০২
ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এক হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস)-সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠীর হামলায় প্রাণহানির এই ঘটে। খবর আল জাজিরা

আঞ্চলিক সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জুলেস চিকুদি এনগোঙ্গো বৃহস্পতিবার (২ এপ্রিল) জানান, ইতুরি প্রদেশের মাম্বাসা অঞ্চলের বাফওয়াকোয়া এলাকায় আগের দিনের হামলায় অন্তত ‘৪৩ জন নাগরিক নিহত এবং ৪৪টি বাড়িতে আগুন দেয়া হয়েছে’। কর্তৃপক্ষ এই হামলার জন্য ‘অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এডিএফ) গোষ্ঠীকে দায়ী করেছে। উগান্ডার সাবেক বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত এই গোষ্ঠী আইএসআইএলের প্রতি আনুগত্য ঘোষণা করেছে।

এদিকে পূর্বাঞ্চলে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে গিয়ে কঙ্গোর সেনাবাহিনী এডিএফকে দমনে হিমশিম খাচ্ছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রুয়ান্ডা-সমর্থিত এম২৩, যারা গত বছর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমাসহ বেশ কয়েকটি বড় শহর দখল করে নিয়েছিল।

মাম্বাসার প্রশাসনিক কর্মকর্তা বাপতিস্তে মুনিয়াপান্ডি রয়টার্সকে জানান, এখনও তল্লাশি অভিযান চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় এক নেতা ক্রিশ্চিয়ান আলিমাসি জানান, হামলায় বাড়িঘরে আগুন দেয়া হয়েছে। কিছু মানুষকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, আবার কেউ নিজের ঘরেই আগুনে পুড়ে মারা গেছেন। এছাড়া দুইজনকে অপহরণ করা হয়েছে।

ডিআর কঙ্গোয় এডিএফ যোদ্ধার সঠিক সংখ্যা জানা না গেলেও, এই অঞ্চলে তাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। ২০২১ সালে কঙ্গো ও উগান্ডার যৌথ সামরিক অভিযান শুরু হলেও সাম্প্রতিক মাসগুলোতে ইতুরি ও পার্শ্ববর্তী নর্থ কিভু প্রদেশে বেসামরিক নাগরিকদের ওপর এডিএফের হামলা বেড়েছে।

গত বছর পাশের একটি এলাকায় এডিএফ ৬৬ জনকে হত্যা করে এবং আরও কয়েকজনকে অপহরণ করেছিল।

এনগোঙ্গো বলেন, ‘এডিএফ সরাসরি সেনাবাহিনীর সঙ্গে লড়াই এড়িয়ে চলে। তাই তারা সাধারণ মানুষের ওপর হামলা চালায়, যাতে শান্তি প্রচেষ্টা নস্যাৎ হয় এবং প্রতিশোধমূলক হামলা চালানো যায়।’

গবেষণা সংস্থা ইনসিকিউরিটি ইনসাইট–এর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে পূর্ব কঙ্গোয় বেসামরিকদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার প্রায় এক-চতুর্থাংশের জন্য এডিএফ দায়ী।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD