আরব দেশগুলোর ক্ষতি ১৯৪ বিলিয়ন ডলার, কাজ হারাবে ৩৭ লাখ মানুষ
এবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে সৃষ্ট অস্থিতিশীলতা আরব দেশগুলোর ওপর বিধ্বংসী প্রভাব ফেলেছে। জাতিসংঘের মতে, এই পরিস্থিতির কারণে এই অঞ্চলের লাখ লাখ মানুষ দারিদ্র্যের কবলে পড়তে যাচ্ছে। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের মাত্র এক মাসেই এই অঞ্চলের মোট দেশজ উৎপাদন (জিডিপি) আনুমানিক ৩.৭ থেকে ৬ শতাংশ হ্রাস পেতে পারে। আর্থিক হিসাবে এই সংকোচনের পরিমাণ ১২০ বিলিয়ন থেকে ১৯৪ বিলিয়ন ডলারের সমান।
জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপি’র আরব রাষ্ট্রবিষয়ক আঞ্চলিক ব্যুরোর পরিচালক আবদুল্লাহ আল দারদারি জানান, এই যুদ্ধের ফলে প্রায় ৩৭ লাখ মানুষ কাজ হারাবে। এছাড়া এই অঞ্চলে আরও প্রায় ৪০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে। তিনি উল্লেখ করেন, এই যুদ্ধ মূলত ‘আরব অর্থনীতির ভঙ্গুরতাকে’ স্পষ্ট করে তুলেছে।
প্রতিবেদনটি ‘চার সপ্তাহব্যাপী একটি স্বল্পস্থায়ী কিন্তু তীব্র সংঘাতের’ পূর্বাভাসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে হামলা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস রপ্তানি বাধাগ্রস্ত করার ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হবে বলে আভাস দেওয়া হয়েছে।
বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ায় ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৮ ডলার ছাড়িয়েছে। এই প্রেক্ষাপটে প্রতিবেদনে বলা হয়েছে, ‘কৌশলগত সামুদ্রিক করিডরগুলোতে ঝুঁকি’ তৈরি হওয়ায় মুদ্রাস্ফীতি, বাণিজ্যপ্রবাহ এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে এর বিরূপ প্রভাব পড়ছে। এটি মধ্যপ্রাচ্যের ‘পারস্পরিক নির্ভরশীল অর্থনীতির’ দেশগুলোতে জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, দারিদ্র্যের হার বৃদ্ধির বিষয়টি মূলত লেভান্ট অঞ্চল এবং যুদ্ধবিক্ষত দেশগুলোর (সুদান ও ইয়েমেন) ওপর বেশি প্রভাব ফেলবে। কারণ এসব দেশে আগে থেকেই ঝুঁকি বিদ্যমান এবং যে কোনো বড় ধাক্কায় জনকল্যাণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আবদুল্লাহ আল দারদারি বলেন, ‘আমরা আশা করি, কালই লড়াই বন্ধ হবে। কারণ প্রতিটি দিনের বিলম্ব বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য