ইরান যুদ্ধে ১৬টি অত্যাধুনিক ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ৫০ কোটি ডলারের বেশি
ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৬টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে চলতি সপ্তাহে ইসফাহানের কাছে দুটি ভূপাতিত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এই ক্ষয়ক্ষতির তথ্য যদি সত্যি হয়, তাহলে এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের আর্থিক ধাক্কা হিসেবে বিবেচিত হবে। প্রতিটি এমকিউ-৯ রিপার ড্রোনের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ডলার। সে হিসেবে এখন পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত ড্রোনগুলোর মোট মূল্য প্রায় ৫০ কোটি ডলারের বেশি। এমকিউ-৯এ রিপার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্যতম বহুল ব্যবহৃত সশস্ত্র ড্রোন, যা নজরদারি ও হামলা পরিচালনায় ব্যবহৃত হয়।
সিবিএস এর আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মার্চের শুরুর দিকে সংঘাতে যুক্তরাষ্ট্র ৯টি এমকিউ-৯ হারিয়েছে। পরবর্তীতে হালনাগাদ তথ্যে জানানো হয়, যুদ্ধ বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে আরও ড্রোন ভূপাতিত হয়েছে।
ইরান ও তার আশপাশে যুক্তরাষ্ট্রের অভিযানে এমকিউ-৯ রিপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ এটি যেমন দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নজরদারি চালাতে পারে, তেমনি নির্ভুল হামলা পরিচালনায়ও সক্ষম। তবে ইরানের আকাশে ব্যয়বহুল এই ড্রোন এখন খুব একটা কাজে লাগছে না।
এই ক্ষয়ক্ষতি সংঘাতের অর্থনৈতিক দিকটিও তুলে ধরছে। ড্রোনকে প্রায়ই মানবচালিত বিমানের তুলনায় কম ঝুঁকিপূর্ণ বিকল্প হিসেবে দেখা হয়। তবে এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রমাণ করছে, যুদ্ধে উন্নত মানববিহীন ব্যবস্থাও দ্রুত নিঃশেষ হয়ে যেতে পারে। সূত্র: নিউজ১৮
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য