বুধবার ১ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ

যুদ্ধবিরতি ও ইরান যুদ্ধ থেকে সরে আসা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ট্রাম্প

১ এপ্রিল, ২০২৬ ৮:৪৯:১৪
ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে বলেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি নৌ-চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত না হওয়া পর্যন্ত ওয়াশিংটন এই প্রস্তাব বিবেচনা করবে না। ইরানকে ঘিরে চলমান সামরিক সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র শিগগিরই সেখান থেকে সরে আসবে বলে স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার (১ এপ্রিল) সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র খুব দ্রুতই ইরান থেকে বেরিয়ে যাবে।’ তবে প্রয়োজন হলে ভবিষ্যতে সীমিত লক্ষ্যভিত্তিক হামলা চালানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কয়েক ঘণ্টা আগে এমন মন্তব্য করেন ট্রাম্প। তিনি তার ভাষণে যুক্তরাষ্ট্রকে ন্যাটো জোট থেকে প্রত্যাহারের বিষয়টিও বিবেচনা করছেন বলে উল্লেখ করবেন। বুধবার (১ এপ্রিল) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‌‌‘ইরানের প্রেসিডেন্ট এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন!’

তিনি বলেন, ‘হরমুজ প্রণালি যখন সবার জন্য উন্মুক্ত, অবাধ এবং বাধাহীন হবে, তখনই আমরা এই প্রস্তাব বিবেচনা করব। তার আগ পর্যন্ত, আমরা ইরানকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেব অথবা তারা যেমনটি বলে প্রাচীন প্রস্তর যুগে পাঠিয়ে দেব!!!’ তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবের বিষয়ে ইরান কিংবা অন্য কোনও স্বতন্ত্র সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD