যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

১ এপ্রিল ২০২৬, ৪:৪১:৫৮

এবার ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় বিকেলে দেশটির নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে প্রশিক্ষণ চলাকালীন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে মার্কিন বিমানবাহিনী নিশ্চিত করেছে। খবর ফক্স নিউজ।

এদিকে নেভাদার ইন্ডিয়ান স্প্রিংস থেকে প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত ‘নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ’-এর সংরক্ষিত এলাকায় যুদ্ধবিমানটি আছড়ে পড়ে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে পাইলট নিজেকে সফলভাবে বের করে নিতে সক্ষম হন। নেলিস বিমানঘাঁটির জনসংযোগ শাখা ফক্স নিউজকে জানিয়েছে, পাইলট বর্তমানে নিরাপদ আছেন এবং সামান্য আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনাটি একটি নিয়ন্ত্রিত সামরিক আকাশসীমায় এবং ফেডারেল প্রোপার্টির ভেতরে ঘটায় কোনো জনবসতি ক্ষতিগ্রস্ত হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নেলিস বিমানঘাঁটির একজন মুখপাত্র এই বিষয়ে বলেন, ‘আমাদের কর্মীদের নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা আমাদের প্রধান অগ্রাধিকার। জনবহুল কোনো এলাকায় এই দুর্ঘটনার প্রভাব পড়েনি।’

তবে সর্বাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমানটি কেন বিধ্বস্ত হলো, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, এফ-৩৫কে বর্তমান বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। এর একেকটির দাম ৮০ থেকে ১২০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সম্প্রতি মধ্যপ্রাচ্যে একাধিক যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। তার মধ্যেই নিজের দেশে এই দুর্ঘটনা দেশটির সামরিক বাহিনীর জন্য নতুন ধাক্কা বলে বিবেচিত হচ্ছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য