প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

হরমুজ প্রণালি প্রায় বন্ধ, একদিনে পার হয়েছে মাত্র ৩ জাহাজ

৩১ মার্চ ২০২৬, ১১:৪৫:২২

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিবিসির খবরে বলা হয়, সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ এখন পর্যন্ত মাত্র তিনটি বাণিজ্যিক জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আজ প্রণালিতে আগের তুলনায় অনেক বেশি জাহাজ চলাচল করছে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে সম্ভব হয়েছে।’ এর আগে গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে আরও ২০টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। যদিও বাস্তবে ইরান কার্যত এই প্রণালিটি বন্ধ করে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে সরবরাহ হয়। ফলে এখানে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে।

মেরিন ট্রাফিকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে বাণিজ্যিক জাহাজের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে এই প্রণালিতে এবং বর্তমানে তা প্রায় স্থবির অবস্থায় পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালিতে এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তা বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

আজ প্রণালি দিয়ে অতিক্রম করা জাহাজগুলোর মধ্যে দুটি বাল্ক ক্যারিয়ার এবং তৃতীয়টি হলো একটি ট্যাংকার, যেটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এই অঞ্চলে এখনও সিগন্যাল জ্যামিং প্রচলিত আছে এবং অনেক জাহাজ তাদের অনবোর্ড ট্র্যাকার বন্ধ করে দিচ্ছে, যার ফলে প্রকৃত পারাপারের সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলারের ট্র্যাকিং ডেটার বিশ্লেষণ অনুযায়ী, গতকাল চারটি এবং রোববার ছয়টি জাহাজ প্রণালিটি অতিক্রম করে। এছাড়া গত সপ্তাহে সর্বোচ্চ ১৩টি জাহাজ অতিক্রম করেছিল চ্যানেলটি দিয়ে। জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার আগে প্রতিদিন প্রায় ১৪০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাত্রা করতো।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য