ভারতে বড় হামলার পরিকল্পনার অভিযোগে ৭ বাংলাদেশি গ্রেপ্তার

৩১ মার্চ ২০২৬, ১:৪৩:০১

এবার ভারতে বড় ধরনের হামলার ছক নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির পুলিশ ও গোয়েন্দারা। এই হামলা পরিকল্পনায় জড়িত পাকিস্তানি চরমপন্থি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার আট সদস্যকে ভারতের বিভিন্ন স্থান গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের সাতজনই বাংলাদেশি। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই দলের মাস্টারমাইন্ড শাব্বির আহমেদ লোনকেও গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, শাব্বির আহমেদ বাংলাদেশে পালিয়ে ছিলেন।

রিপোর্ট, দুই মাস ধরে চালানো অভিযানে বাংলাদেশ সীমান্ত, কলকাতা, দিল্লি এবং তামিলনাড়ু থেকে এদের গ্রেপ্তার করা হয়। টাইমস অব ইন্ডিয়া গ্রেপ্তারকৃত সাত বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন- বগুড়ার মিজানুর রহমান (৩২), জাহিদুল ইসলাম (৪০), মোহাম্মদ লিটন (৪০), মোহাম্মদ উজ্জ্বল (২৭) ও উমর ফারুক (৩২), ঝালকাঠির মো. শাফায়েত হোসাইন (৩৪) ও ঠাকুরগাঁওয়ের রবিউল ইসলাম (২৭)। 

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারদের স্থান থেকে পুলিশ ১০টি মোবাইল ফোন, ২৫টি ডেবিট ও ক্রেডিট কার্ড, ৫টি পয়েন্ট অব সেল (পজ) মেশিন, বাংলাদেশি পাসপোর্ট এবং বেশ কিছু পোস্টার উদ্ধার করেছে। দিল্লি পুলিশ কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা শাব্বির আহমেদ লোনকে ২০০৭ সালে একে-৪৭ রাইফেল ও গ্রেনেডসহ গ্রেপ্তারের কথা জানিয়েছিল। তিনি জামিনের আগে ২০১৮ সাল পর্যন্ত তিহার কারাগারে ছিলেন।  পুলিশের দাবির বরাতে খবরে বলা হয়েছে, শাব্বির বাংলাদেশে পালিয়ে ছিলেন। সেখান থেকে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকে ছিলেন। 

টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলেছে, শাব্বিরকে বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকার কাছের একটি আস্তানা থেকে লস্করের একটি সেল পরিচালনা করছিলেন।   ভারতের পুলিশের দাবি, এই চক্র ভারতে একটি বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছিলো। তবে তাদের এই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য