লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, আরও ৪ ইসরায়েলি সেনা নিহত
এবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযান ঘিরে সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নতুন করে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে গত এক মাসে ওই এলাকায় ইসরায়েলের সেনাদের প্রাণহানি বেড়ে অন্তত ১০ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরা
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে সংঘর্ষে তাদের আরও চার সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের বয়স ২১ বছর এবং একজনের বয়স ২২ বছর। চতুর্থ সেনার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে চার সেনা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন বলে মঙ্গলবার (৩১ মার্চ) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।
অন্যদিকে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নিহত চার সেনার মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন— ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১), স্টাফ সার্জেন্ট ম্যাকসিম এন্টিস (২১)। তিনজনই নাহাল ব্রিগেডের রিকনেসান্স ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। নিহত চতুর্থ সেনার নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া এই ঘটনায় একজন সেনা গুরুতর আহত হয়েছেন এবং একজন রিজার্ভ সদস্য মাঝারি আহত হয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তদন্তে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাহাল রিকনেসান্স ইউনিটের সেনারা হিজবুল্লাহর একটি সশস্ত্র দলের অবস্থান শনাক্ত করেন। এরপর কাছাকাছি দূরত্ব থেকে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয় এবং কয়েকজন সেনাসদস্য আহত হয় বলে দাবি করা হয়েছে।
আহত সেনাদের সরিয়ে নেয়ার সময় হিজবুল্লাহর সদস্যরা সেনাদের লক্ষ্য করে একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এতে অতিরিক্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পরে আইডিএফ ট্যাংক গোলাবর্ষণ ও বিমান হামলার মাধ্যমে ওই এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায়। ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের অভিযান বাড়ানোর পর থেকে ২ মার্চের পর এ পর্যন্ত সেখানে অন্তত ১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য